
কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে মাদকমুক্ত ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে জিরো টলারেন্স নীতিতে বিশেষ অভিযান পরিচালনা করছে মিরপুর থানা পুলিশ। গত এক মাস ধরে চলমান চিরুনি অভিযানে ১২০ জন মাদকসেবী ও চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। থানা পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে একাধিক পুলিশ টিম নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। এ কার্যক্রমে বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্যরাও সমন্বিতভাবে অংশ নিচ্ছেন।
পুলিশের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং এক মাসে ১২০ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
ওসি শহীদুল ইসলাম বলেন, “মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মিরপুরকে সম্পূর্ণ মাদকমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকের স্পটগুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের টিম দিনরাত কাজ করছে। কোনো মাদক ব্যবসায়ী বা তাদের পৃষ্ঠপোষক রেহাই পাবে না।”
পুলিশের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছেন মিরপুর উপজেলার সাধারণ মানুষ ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকলে উপজেলায় মাদকের বিস্তার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :