
নাটোরের লালপুর উপজেলার জৌতদৈবকী এলাকায় এক ভাটা ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী এমএসবি ভাটার স্বত্বাধিকারী ও বিএনপি কর্মী আব্দুল হালিম অভিযোগ করেন, শুক্রবার (২৬ জুন) ভোররাতে পূর্ববিরোধের জেরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একটি দল তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এজাহারে দক্ষিণ লালপুর গ্রামের সানাউল্লার ছেলে সাকলাইনসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের মারধর করে এবং নারীদের সঙ্গে অসদাচরণ করে। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার পাশাপাশি ঘরের আলমারি ও ওয়ারড্রোব ভেঙে নগদ প্রায় ৩২ লাখ টাকা, সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, জমির দলিল, ব্যাংকের চেকবই, পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। হামলার সময় বাড়ির আসবাবপত্রেও ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী আব্দুল হালিম দাবি করেন, হামলাকারীরা চলে যাওয়ার সময় ভবিষ্যতে মামলা না করার জন্য তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে যায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক বিরোধের জেরেই পূর্বপরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।
তবে এজাহারে নাম থাকা সাকলাইন অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তার দাবি, তার স্ত্রীর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এ পরিস্থিতি তৈরি হয়েছে এবং বিষয়টি নিয়ে থানায় ও ইউনিয়ন পরিষদে একাধিক অভিযোগ দেওয়া হয়েছে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, লিখিত এজাহার গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :