
সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নাটোরে ব্যতিক্রমধর্মী মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৬ জুন) সকাল ১১টায় নাটোর শহরের প্রাণকেন্দ্র কানাইখালীতে অবস্থিত জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোরের নিজস্ব কার্যালয়ে এ উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোরের সভাপতি ও দৈনিক বারবেলা পত্রিকার প্রকাশক-সম্পাদক অ্যাডভোকেট আলেক উদ্দিন শেখ সভাপতিত্ব করেন। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব ও দৈনিক বারবেলা পত্রিকার সহকারী সম্পাদক মেহেরুল ইসলাম মোহন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার (অব.) আব্দুর রশিদ মাস্টার ও আব্দুল হান্নান মাস্টার, এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার লালপুর উপজেলা প্রতিনিধি শামসুল ইসলাম মাস্টার।
এছাড়াও জাতীয় দৈনিক প্রথম বেলা পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি আব্দুল আলীমসহ জেলার সাতটি উপজেলার সাংবাদিক ও ক্লাবের সকল সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
উৎসবে গ্রীষ্মকালীন ও বর্ষাকালীন বিভিন্ন দেশীয় মৌসুমি ফল—আম, কাঁঠাল, কলা, ড্রাগন ফল, পেয়ারা, জাম, জামরুল, কদবেল, আতা, নারকেল, তাল ও তরমুজসহ নানা ধরনের ফল পরিবেশন করা হয়। উপস্থিত সাংবাদিকরা আনন্দঘন পরিবেশে একসঙ্গে এসব ফল উপভোগ করেন।
বক্তারা বলেন, ব্যস্ত পেশাগত জীবনের বাইরে এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি দেশীয় মৌসুমি ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতেও এটি ভূমিকা রাখে।
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা এমন আয়োজনের জন্য জেলা রিপোর্টার্স ক্লাব, নাটোরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সাংবাদিক সমাজে সম্প্রীতি ও ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করবে।
আপনার মতামত লিখুন :