ভালুকায় চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, বেড়েছে লোডশেডিংয়ে জনদুর্ভোগ


ময়মনসিংহ ব্যুরোচীফ, আজহারুল ইসলাম প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
ভালুকায় চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহ, বেড়েছে লোডশেডিংয়ে জনদুর্ভোগ

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুতের চাহিদার তুলনায় প্রায় অর্ধেক সরবরাহ থাকায় ব্যাপকভাবে বেড়েছে লোডশেডিং। এতে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও শিল্প সংশ্লিষ্টরা জানান, গত কয়েক দিন ধরে লোডশেডিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে। বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। প্রচণ্ড গরমে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে টিএম টেক্সটাইলের এক কর্মকর্তা জানান, গত চার দিন ধরে লোডশেডিং দ্বিগুণ হারে বেড়েছে। ফলে বিকল্প ব্যবস্থায় কারখানার উৎপাদন সচল রাখতে গিয়ে ব্যয়ও অনেক বেড়ে গেছে।

পল্লী বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, ভালুকা পৌরসভা ও আশপাশের গ্রামাঞ্চলে দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভালুকা কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় মোট গ্রাহক প্রায় ৩৮ হাজার। এর মধ্যে ৮০ শতাংশ আবাসিক এবং বাকি ২০ শতাংশ বাণিজ্যিক ও সেচ গ্রাহক। এলাকায় দৈনিক বিদ্যুতের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১২ থেকে ১৩ মেগাওয়াট। চাহিদা ও সরবরাহের এই বড় ব্যবধানের কারণে লোডশেডিং আরও বেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানান।