
নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল হিসেবে গড়ে তুলতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব অত্যন্ত বেশি। শিশুদের অপুষ্টি দূর করা এবং রাতকানা ও অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কার্যকর ভূমিকা পালন করে। তিনি বলেন, আত্রাই উপজেলার কোনো শিশুই যেন এ কর্মসূচির বাইরে না থাকে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের আন্তরিক সহযোগিতায় শতভাগ সফলভাবে ক্যাম্পেইন বাস্তবায়ন সম্ভব। পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু, স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :