আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার


আত্রাই উপজেলা প্রতিনিধি, ​আব্দুল মজিদ মল্লিক  প্রকাশের সময় : জুন ২৭, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
আত্রাই নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের মরদেহ উদ্ধার

নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দাইখাড়া গ্রামসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলীমুদ্দীন মান্দা উপজেলার শিবনগর ঘোষপাড়া গ্রামের মৃত দুখু মিয়ার ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বান্দাইখাড়া গ্রামের শবদুলের বাড়ির পাশ দিয়ে নদীর তীর ধরে হাঁটার সময় আলী নামে এক যুবক নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা নদীর তীরে ভিড় জমান। পরে খবর পেয়ে আত্রাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ পরে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে মরদেহের পরিচয় নিশ্চিত করে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।