
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এ জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর কাছে প্রয়োজনীয় জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছে রাজ্য সরকার।
সোমবার (১১ মে) পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুখ্যমন্ত্রী বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুভেন্দু অধিকারী বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএসএফকে জমি হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্যসচিবকে বিষয়টি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের জনতাত্ত্বিক কাঠামো পরিবর্তিত হয়েছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।
পশ্চিমবঙ্গে বিজেপির নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু ছিল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ ও অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসন। দলটি অভিযোগ করেছিল, সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের সময় সীমান্ত নিরাপত্তা দুর্বল ছিল। ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে রয়েছে প্রায় ২ হাজার ২১৬ কিলোমিটার সীমান্ত।
গত মাসের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে বড় জয় পায়। রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে ২০৭টিতে জয়লাভ করে দলটি। পরে গত ৯ মে শুভেন্দু অধিকারী-কে মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করা হয় এবং তিনি শপথ গ্রহণ করেন। তবে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন এবং বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ পড়া নিয়ে নির্বাচনের আগে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক আলোচনা সৃষ্টি হয়েছিল।
আপনার মতামত লিখুন :