ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
ঈদুল আজহার ছুটি কমিয়ে দিলেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গে পবিত্র ঈদুল আজহার সরকারি ছুটি কমিয়ে দুই দিন থেকে একদিন করা হয়েছে। রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। একইসঙ্গে চাঁদ দেখার ভিত্তিতে ঈদের সম্ভাব্য তারিখ পরিবর্তন হওয়ায় ছুটির দিনও পুনর্নির্ধারণ করা হয়েছে।

রাজ্যের প্রশাসনিক সদরদপ্তর নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে ঘোষিত ২৬ ও ২৭ মে’র ছুটি বাতিল করা হয়েছে। পরিবর্তে ২৮ মে (বৃহস্পতিবার) ঈদুল আজহা উপলক্ষে একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

পশ্চিমবঙ্গ সরকারের সহকারী মুখ্যসচিব পি কে মিশ্র স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত বছরের ২৭ নভেম্বর প্রকাশিত ছুটির তালিকায় ২০২৬ সালের ২৬ ও ২৭ মে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে চাঁদ দেখার সম্ভাব্য হিসাব অনুযায়ী এবার ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে। এ কারণে পূর্বের সিদ্ধান্ত সংশোধন করে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগের দুই দিনের পরিবর্তে এবার মাত্র একদিন ছুটি রাখা হয়েছে। ফলে ২৬ ও ২৭ মে সাধারণ কর্মদিবস হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গে এর আগে তৃণমূল কংগ্রেস সরকার ঈদুল আজহা উপলক্ষে টানা দুই দিনের সরকারি ছুটি দিয়ে আসছিল। তবে সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে প্রথমবারের মতো রাজ্যে সরকার গঠন করেছে। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে জয় লাভ করে সরকার গঠন করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দল হিসেবে ৮০টি আসন পেয়েছে।

নতুন সরকারের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে রাজ্য সরকার বলছে, চাঁদ দেখার ভিত্তিতে ঈদের তারিখ পরিবর্তনের কারণেই নতুন করে ছুটির সূচি সংশোধন করা হয়েছে।