ইরানকে অস্ত্র দিলে ‘খুব খারাপ’ পরিণতি হবে চীন ও রাশিয়ার: ট্রাম্প


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ
ইরানকে অস্ত্র দিলে ‘খুব খারাপ’ পরিণতি হবে চীন ও রাশিয়ার: ট্রাম্প

ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ বা বিক্রি করলে চীন ও রাশিয়ার জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করছে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প দাবি করেছেন, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, চীন কোনো পরিস্থিতিতেই ইরানকে অস্ত্র সরবরাহ করবে না বা বিক্রি করবে না। এমনকি কোনো চীনা প্রতিষ্ঠানের মাধ্যমেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে না বলে তিনি জানিয়েছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, প্রেসিডেন্ট শি জিনপিং তাকে বলেছেন, ইরানকে অস্ত্র দেওয়া বা বিক্রি করার কোনো পরিকল্পনা চীনের নেই। এই সিদ্ধান্তের আওতায় চীনা কোম্পানিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ট্রাম্প বলেন, দুই দেশের সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয় বিবেচনা করে তিনি চীনা প্রেসিডেন্টের বক্তব্যে আস্থা রাখছেন। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও চীনের সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা হচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ইউক্রেন যুদ্ধ চলমান থাকা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের আশ্বাস দিয়েছেন। তার দাবি, রাশিয়াও ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না।

ট্রাম্প বলেন, রাশিয়া সম্পর্কে অনেক আলোচনা হলেও প্রেসিডেন্ট পুতিন জানেন যে যুক্তরাষ্ট্র সরাসরি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করে না; বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র সরবরাহ করা হয়। এসব অস্ত্র কীভাবে ব্যবহার বা বিতরণ করা হয়, সে বিষয়ে তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে বিশ্বে যে দুটি দেশের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়, তারাও এ ধরনের কার্যক্রমে যুক্ত নয় বলে তিনি মনে করেন। তবে যদি তারা এমন কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা তাদের জন্য বড় ধরনের সমস্যার কারণ হবে।

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে ট্রাম্পের এ বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই ইরানের সামরিক সক্ষমতা ও অস্ত্র সংগ্রহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।