স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত


নোয়াখালী জেলা প্রতিনিধি, আনিছুর জামান  প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১:৩৮ অপরাহ্ণ
স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি কার্যক্রম-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত

ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি কার্যক্রম-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার সকাল ১০টায় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ ইউনিয়নের জয়াগ গান্ধী মেমোরিয়াল স্কুলের হলরুমে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও এমএইচ গ্লোবাল গ্রুপের কান্ট্রি ডিরেক্টর জহিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ গোলাম মর্তুজা। বিশেষ অতিথি ছিলেন মাহাদি মর্তুজা, মারজুক মর্তুজা এবং জান্নাতুন মারসিয়া মর্তুজা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা কেক কেটে স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ ও শিক্ষা বৃত্তি কার্যক্রম-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের মাঝে সদস্য কার্ড বিতরণ করা হয়। এই সদস্য কার্ডের মাধ্যমে তারা ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত হতে পারবেন।

আলোচনা পর্বে অতিথি ও শিক্ষকবৃন্দ ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। বক্তারা বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানবিক, সচেতন ও দক্ষ প্রজন্ম গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি সমাজসেবা ও মানবিক মূল্যবোধের চর্চায় তরুণদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে চাটখীল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০টিরও বেশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।