আ. লীগের পরিবেশবিরোধী প্রকল্পের করণেই বেড়েছে জলাবদ্ধতা: রিজভী


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
আ. লীগের পরিবেশবিরোধী প্রকল্পের করণেই বেড়েছে জলাবদ্ধতা: রিজভী

আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত উন্নয়ন, খাল-জলাশয় দখল এবং পরিবেশবিরোধী প্রকল্পের কারণেই দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ এলাকায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বিগত আওয়ামী লীগ সরকার অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করেছে। প্রাকৃতিক পানিপ্রবাহের বিষয়টি বিবেচনায় না নিয়ে বিভিন্ন স্থাপনা ও সড়ক নির্মাণ করায় অনেক এলাকায় জলাবদ্ধতা বেড়েছে।

তিনি বলেন, হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় অপরিকল্পিত স্থাপনা নির্মাণের ফলে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক দেশীয় মাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান বন্যা পরিস্থিতিতে সরকার ও বিএনপি শুরু থেকেই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল বৈঠক করে বন্যা পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও নিজস্ব উদ্যোগে দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। রিজভী বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা জরুরি।

ত্রাণ বিতরণ ও এলাকা পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন, সদস্য সরওয়ার হোসেন মাসুদ, জাগির হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল বিন মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।