ইবিতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে লালব্যাজ পরিধান কর্মসূচি


ইবি প্রতিনিধি, আসাদ উল্লাহ প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
ইবিতে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে লালব্যাজ পরিধান কর্মসূচি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লালব্যাজ পরিধান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক।

এছাড়া জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া, সদস্য সচিব ড. মো. আসাদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা লালব্যাজ পরিধান করে কর্মসূচিতে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁদের অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তিনি আরও জানান, দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ১ আগস্ট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে জুলাই শহীদদের স্মরণে একটি স্মৃতিভাস্কর্যের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, আগামী ৫ আগস্ট পর্যন্ত অফিস চলাকালীন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের লালব্যাজ পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে। মাসব্যাপী এসব কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং নতুন প্রজন্মের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার উদ্যোগ নেওয়া হয়েছে।