বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা


প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা

টানা কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় নতুন করে আরও ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, সারিগোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী ও ভুগাই-কংস নদী অববাহিকার সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এ ছাড়া উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদী অববাহিকার নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলেও নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।

তবে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরীসহ বিভিন্ন নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় ধীরগতিতে কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। একই সঙ্গে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে।

পাউবোর তথ্য অনুযায়ী, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই ও খোয়াই নদীর পানিও কমতে শুরু করতে পারে। ফলে এসব এলাকার বন্যা পরিস্থিতিরও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও সুনামগঞ্জ জেলা বন্যাকবলিত রয়েছে।

অন্যদিকে ফেনী, খাগড়াছড়ি, সিলেট, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা নতুন করে বন্যার ঝুঁকিতে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।