
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে বৃষ্টির পানিতে জলমগ্ন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু। শনিবার (১২ জুলাই) সকালে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় ভুক্তভোগী মানুষের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে ইউএনও বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও ফকরাবাদ গ্রামের জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। একই সঙ্গে ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং মসজিদের উন্নয়নে সরকারি সহায়তার আশ্বাস দেন।
স্থানীয়রা জানান, গত চার দিনের টানা বৃষ্টিপাতের কারণে ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। দীর্ঘদিন ধরে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর পরিদর্শন করেন এবং জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী ও স্থানীয়দের দুর্ভোগের বিষয়টি অবগত হন। তিনি মানুষের দুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ইউএনও শ্যামানন্দ কুন্ডু বলেন, মানিকখালী-বড়দল সড়কে অবস্থিত কালভার্টগুলো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, যাতে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করা যায়। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরে তিনি ফকরাবাদ বায়তুল আমান জামে মসজিদ পরিদর্শন করেন। এ সময় মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম সরদার, সাধারণ সম্পাদক লাল মাহমুদ গাজী, সাংবাদিক শরিফুল ইসলাম, বিএম আলাউদ্দীনসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। মসজিদের উন্নয়ন কার্যক্রমে সরকারি সহায়তার বিষয়েও আশ্বস্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয়রা জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :