
দিনাজপুরের বীরগঞ্জে এক কলেজছাত্রীকে অপহরণপূর্বক ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইব্রাহিম হোসেন ইমনকে (২৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব-১৩ জানায়, ১০ জুলাই দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকার মো. তাওয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কলেজছাত্রী বীরগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং পড়াশোনার জন্য বীরগঞ্জে একটি মেসে থাকতেন। অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল দুপুরে কৌশলে বীরগঞ্জ সিনেমা হলের সামনে থেকে ওই কলেজছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় ইমন। পরে তাকে ডিমলা পোস্ট অফিস মোড় এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় ভুক্তভোগীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পরে অভিযুক্ত পক্ষ বিয়েতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর পরিবার আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে ৮ মে বীরগঞ্জ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলা হওয়ার পর থেকেই ইমন আত্মগোপনে চলে যায়। ঘটনার গুরুত্ব বিবেচনায় র্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় ১০ জুলাই রাত ১১টা ৪৫ মিনিটের দিকে বীরগঞ্জ উপজেলার ভগিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩ জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অপরাধ দমনে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :