রায়পুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত


রায়পুর প্রতিনিধি, হাছান আহমাদ  প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
রায়পুরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের রায়পুরে জুলাই পদযাত্রা ও পথসভা করেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় রায়পুর ওসমান চত্বরে আয়োজিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ।

বক্তব্যে হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বন্যায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দ্রুত তাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব না দিলে কোনো সরকার দীর্ঘদিন টিকে থাকতে পারে না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের পরিবর্তে তা থেকে সরে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। জনগণের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রে জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, এনসিপির নেতা মাহবুব আলম মাহি, লক্ষ্মীপুর জেলা এনসিপির আহ্বায়ক আরমান হোসেন এবং রায়পুর উপজেলা এনসিপির আহ্বায়ক ইব্রাহিম খলিল। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত শহীদদের পরিবারের সদস্যরা, এনসিপি ও ছাত্রশক্তির কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও পৌর পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির লক্ষ্মীপুর জেলা আহ্বায়ক মাসুম বিল্লাহ। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে দলীয় কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।