সৌদি আরবের ভিসা নিয়ে বড় সুখবর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
সৌদি আরবের ভিসা নিয়ে বড় সুখবর

বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা উদ্যোগ চালু করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, নতুন সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত সাত দেশের নাগরিকরা সহজ প্রক্রিয়ায় ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের নতুন ভিসা প্যাকেজ কর্মসূচির আওতায় মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং মেক্সিকোর নাগরিকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও দেশের জন্য এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

নতুন এই উদ্যোগের ফলে ভ্রমণকারীরা একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমেই তাদের পুরো ভ্রমণ পরিকল্পনা সম্পন্ন করতে পারবেন। এর মধ্যে থাকবে রিটার্ন ফ্লাইট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।

সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্যাকেজ বুকিং করার পর ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ইস্যু করা হবে। ভ্রমণকারীরা ইমেইলের মাধ্যমে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র পেয়ে যাবেন।

বর্তমানে রিজারভাল ও আলমোসাফ নামে দুটি ট্রাভেল এজেন্সি এ সেবা দেওয়ার অনুমোদন পেয়েছে। নতুন এই ট্যুরিস্ট ভিসার মেয়াদ হবে তিন মাস। এতে একবার প্রবেশের সুযোগ থাকবে এবং সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে অবস্থান করা যাবে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর অতিরিক্ত প্রতিদিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা প্রদান ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।

এছাড়া ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে ইভেন্টের টিকিট ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম যুক্ত করতে পারবেন। তবে এ প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত থাকবে না।

তবে ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের পর দেশটির বিভিন্ন স্থানে, এমনকি মক্কা ও মদিনাতেও ভ্রমণ করতে পারবেন। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এই কর্মসূচি আরও সম্প্রসারণ ও উন্নত করা হবে।