ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ণ
ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইরান যদি তাকে গুপ্তহত্যার চেষ্টা করে, তাহলে দেশটির ওপর ‘হাজার হাজার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকিও দিয়েছেন তিনি।

শনিবার (১১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন। তিনি দাবি করেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের দিকে তাক করে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে। এরপর প্রয়োজন হলে আরও হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।

ট্রাম্প বলেন, ইরান সরকার যদি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেওয়া তাদের হুমকি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে গুপ্তহত্যা করে বা এমন কোনো চেষ্টা চালায়, তাহলে ভয়াবহ সামরিক পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও জানান, এ বিষয়ে মার্কিন সামরিক বাহিনীকে ইতোমধ্যে এক বছরের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ট্রাম্প বলেন, ইরানের যেকোনো এলাকা সম্পূর্ণ ধ্বংস করার জন্য মার্কিন বাহিনী প্রস্তুত, সক্ষম এবং ইচ্ছুক। এদিকে, ইরানের পক্ষ থেকে এমন হুমকির জবাবে দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না।

গালিবাফ বলেন, ইরান নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার প্রস্তুতি কখনো বন্ধ করেনি। যুক্তরাষ্ট্র কোনো সমঝোতা থেকে সরে গেলে বা চুক্তির সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে আত্মরক্ষার জন্য ইরান পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, যুদ্ধের অবসান বিশ্বের সব দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। তবে ইরানের আত্মসমর্পণের মাধ্যমে কোনো সংঘাতের সমাধান হবে না। নিজেদের রক্ষায় ইরান সবসময় প্রস্তুত থাকবে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের শীর্ষ পর্যায়ের এমন বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে সামরিক হুমকি ও পাল্টা অবস্থানের কারণে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।