
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় বর্ষাকালে জলাবদ্ধতা কমাতে নালা পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম জোরদার হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। টানা বৃষ্টিপাতের পরও এখন আর আগের মতো দীর্ঘ সময় সড়কে পানি জমে থাকছে না। ফলে যানবাহন চলাচল এবং পথচারীদের দৈনন্দিন যাতায়াত অনেকটাই স্বাভাবিক হয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নালা-নর্দমা পরিষ্কার, খাল পুনঃখনন এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিশেষ করে হালিশহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে নেওয়া উদ্যোগের সুফল এখন দৃশ্যমান বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, আগে সামান্য বৃষ্টিতেই প্রধান সড়ক ও অলিগলিতে ঘণ্টার পর ঘণ্টা পানি আটকে থাকত। বর্তমানে নালাগুলো পরিষ্কার থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হচ্ছে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর দুর্ভোগ কমাতে নিয়মিত নালা পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি নালা ও খালে ময়লা-আবর্জনা না ফেলার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে পানি চলাচল বাধাগ্রস্ত না হয় এবং জলাবদ্ধতার সৃষ্টি না হয়।
এ বিষয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “নগরবাসীর কষ্ট লাঘবে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছি। নালা-খাল পরিষ্কার এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি নাগরিকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। সবার সম্মিলিত সহযোগিতায় পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তোলা সম্ভব।”
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলতে থাকলে ভবিষ্যতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা আরও কমবে এবং নগরবাসী স্থায়ী স্বস্তি লাভ করবে।
আপনার মতামত লিখুন :