
কুষ্টিয়ার মিরপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে দায়ের করা পৃথক তিনটি মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের সাহেবনগর গ্রামের করিম পরামানিকের ছেলে মো. জহুরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও একদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অন্যদিকে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারায় ১৬৬/২৬ নম্বর মামলায় মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে মো. গিয়াস উদ্দিনকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এছাড়া ১৫৪/২৬ নম্বর মাদক মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে মিরপুর উপজেলার ধুবইল ইউনিয়নের কাদেরপুর গ্রামের সুমন আলীর ছেলে ২০ বছর বয়সী রিদয় আলীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত একদিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, কুষ্টিয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ককে সাজাপ্রাপ্তদের কারাগারে গ্রহণ করে আইন অনুযায়ী দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মাদক সেবনকারী কিংবা মাদক ব্যবসায়ী—অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মিরপুরকে মাদকমুক্ত করতে প্রয়োজনীয় সব ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।”
আপনার মতামত লিখুন :