ক্যান্সারে আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
ক্যান্সারে আক্রান্ত জুলাই শহীদের ভাইকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ক্যান্সারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসানকে নিয়ে সাক্ষাৎ করেন তার মা ফাতেমা তুজ জোহরা। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জিসানের বর্তমান শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ফাতেমা তুজ জোহরাকে একটি চাকরির ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন, যাতে পরিবারটি আর্থিকভাবে কিছুটা স্বাবলম্বী হতে পারে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ফাতেমা তুজ জোহরার বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদ। সেই শোক কাটিয়ে ওঠার আগেই মাত্র দুই সপ্তাহ পর তার ছোট ছেলে মাহমুদুল্লাহ বিন জিসানের ক্যান্সার ধরা পড়ে। এরপর সাত মাসের মাথায় স্বামীকেও হারান তিনি। একের পর এক শোক ও দুর্যোগে পরিবারটি চরম সংকটে পড়ে।

পরিবারটির ঘনিষ্ঠ সূত্র জানায়, ক্যান্সারে আক্রান্ত জিসানের চিকিৎসার ব্যয়ভার বহন করতে গিয়ে ফাতেমা তুজ জোহরা অসহায় হয়ে পড়লে তার পাশে দাঁড়ান তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার উদ্যোগে ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক, বর্তমানে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমানের তত্ত্বাবধানে জিসানের চিকিৎসা কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্টরা জানান, চিকিৎসার শুরু থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিতভাবে আতিকুর রহমানের মাধ্যমে জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তার বিষয়ে নির্দেশনা দিতেন। বর্তমানে প্রধানমন্ত্রীর সার্বিক তত্ত্বাবধানেই জিসানের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা অব্যাহত রয়েছে।

পরিবারটির সদস্যরা প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, সরকারের ধারাবাহিক সহযোগিতায় জিসান সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সক্ষম হবে।