
দেশের সরকারি বিভিন্ন দপ্তরে অনুমোদিত পদের বিপরীতে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব পদ পূরণে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার।
মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সাল পর্যন্ত সর্বশেষ হালনাগাদ হিসাবে সরকারি অফিসগুলোতে মোট অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ খালি রয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সরকারি শূন্য পদ পূরণের লক্ষ্যে ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে নিয়োগের সর্বশেষ অবস্থা, বিদ্যমান শূন্য পদের তথ্য এবং প্রয়োজনীয় নিয়োগ চাহিদাপত্র (রিকুইজিশন) পাঠানোর জন্য চিঠি দেওয়া হয়েছে।
সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল করা এবং জনবল সংকট দূর করার লক্ষ্যেই এসব পদ দ্রুত পূরণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি, দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্য পদ পূরণে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি সেবার মান বৃদ্ধি এবং বিভিন্ন দপ্তরের দীর্ঘদিনের জনবল ঘাটতি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :