এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিষিদ্ধ দলের ২ জন গ্রেপ্তার


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ৭, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় নিষিদ্ধ দলের ২ জন গ্রেপ্তার

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের এক সাবেক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা শাখাওয়াত ইমতিয়াজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ভোর ৪টার দিকে সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামের মো. নুরুল ইসলাম (৫২) এবং সাভার পৌর এলাকার আনন্দপুর মহল্লার মো. সজিব (৩২)। পুলিশের তথ্যমতে, নুরুল ইসলাম জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। অপরদিকে সজিব যুবলীগের একজন কর্মী।

তদন্ত কর্মকর্তা এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সোমবার রাতে সাভার পৌরসভার তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশ চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হন এবং সমাবেশস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর রাতেই এনসিপির ঢাকা জেলা সদস্য সচিব সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ককটেল বিস্ফোরণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এদিকে, ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। পুলিশ সুপার আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।