
বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই নাগরিক সেবা সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় নন্দীগ্রাম পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক শারমিন আরা। তার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।
ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৯ লাখ ৪৮ হাজার ৪০৮ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ২০০ টাকা। এতে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৩৩ লাখ ৫০ হাজার ২০৮ টাকা। অন্যদিকে উন্নয়ন ও প্রকল্প খাতে আয়-ব্যয় সমানভাবে ৬১ কোটি ২৪ লাখ ৪৪ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে বাজেটের মোট আকার দাঁড়িয়েছে ৬৬ কোটি ৩৩ লাখ ৯৩ হাজার ২০৮ টাকা।
উন্নয়ন বাজেটে বৃহত্তর বগুড়া ও পাবনা জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২৮ কোটি টাকা, বগুড়া জেলার পৌরসভাসমূহের উন্নয়ন প্রকল্পে ২০ কোটি টাকা, টেকসই নগর উন্নয়ন প্রকল্পে ৬ কোটি টাকা, কোভিড-১৯ প্রকল্পে ৩ কোটি ৫০ লাখ ৮৫ হাজার টাকা, বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৩ কোটি ২৩ লাখ ২৯ হাজার ৮০০ টাকা এবং জলবায়ু প্রকল্পে ৫০ লাখ ৩০ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে।
পৌর কর্তৃপক্ষ জানায়, এবারের বাজেটে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, ব্রিজ-কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক আলোকায়ন এবং সুপেয় পানির সুবিধা সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর জন্য শীতবস্ত্র বিতরণ, আর্থিক সহায়তা, বিনামূল্যে ওষুধ প্রদান, যুবকদের জন্য খেলাধুলার সামগ্রী এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নাগরিক সেবা সহজ করতে অনলাইন সেবা কার্যক্রম এবং হেপাটাইটিস-বিসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে টিকাদান ব্যবস্থাও অব্যাহত থাকবে।
বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক শারমিন আরা বলেন, পর্যাপ্ত সরকারি বরাদ্দ এবং নাগরিকদের সহযোগিতা অব্যাহত থাকলে নন্দীগ্রাম পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করা সম্ভব হবে।
বাজেট ঘোষণার অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ (লিটন), উপজেলা প্রকৌশলী নুরনবী খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. সারওয়ার জাহান, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মান্নান, অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :