নাচোলে নানা আয়োজনে পালিত হলো সাঁওতাল বিদ্রোহের ১৭১তম দিবস


নাচোল প্রতিনিধি, সফিকুল ইসলাম  প্রকাশের সময় : জুন ৩০, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
নাচোলে নানা আয়োজনে পালিত হলো সাঁওতাল বিদ্রোহের ১৭১তম দিবস

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের ১৭১তম দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আদিবাসী একাডেমির আয়োজনে এবং ইলামিত্র স্মৃতি সংসদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জাতীয় পতাকা ও ঐতিহ্যবাহী তীর-ধনুক হাতে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আদিবাসী একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক এম.এ.কে. জিলানী।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দাস বলেন, ১৮৫৫ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সিধু, কানহুসহ সাঁওতাল নেতাদের নেতৃত্বে যে বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তা উপমহাদেশের স্বাধিকার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ সিধু-কানহুসহ সকল বীরের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই প্রতিবছর এ দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার সুলতানা রাজিয়া এবং নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ।

এ সময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আদিবাসী সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস, আত্মত্যাগ এবং আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য ও অধিকার রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।