তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু, বাবা গুরুতর আহত


সাতক্ষীরা জেলা প্রতিনিধি, রমজান আলী প্রকাশের সময় : জুলাই ১, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
তালায় বাসচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু, বাবা গুরুতর আহত

সাতক্ষীরার তালায় বাসচাপায় কুশল রায় সরদার (১৩) নামের এক স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে বৃষ্টির মধ্যে খুলনা–পাইকগাছা মহাসড়কের তালা সদর ইউনিয়নের শাহপুর বাজারের ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুশল রায় সরদার তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে তালা উপজেলার নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের ছেলে। পরিবারটি বর্তমানে চাকরির সুবাদে চুকনগরে বসবাস করছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাইকগাছা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাস (রেজি. নং খুলনা জ-০৫-০০৪৯) বৃষ্টির মধ্যে শাহপুর বাজার এলাকায় পৌঁছে চুকনগর থেকে তালাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা কুশল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয় এবং তার বাবা গুরুতর আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।