
ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা রিপোর্টার্স ক্লাব ও কোস্টাল ইউথ সোসাইটির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের চিকিৎসক, রোগী, তাদের স্বজন এবং সেবাগ্রহীতাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ করা হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও সতর্কতার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার বংশবিস্তার বৃদ্ধি পাওয়ায় ডেঙ্গুর ঝুঁকিও বাড়ছে। তিনি বলেন, এখন পর্যন্ত উপজেলায় ডেঙ্গু রোগী শনাক্ত না হলেও সবাইকে সতর্ক থাকতে হবে। লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সচেতনতা। বাসাবাড়ির আশপাশে টব, টায়ার, ড্রাম, বালতি বা অন্য যেকোনো পাত্রে জমে থাকা পানি তিন দিনের বেশি রাখা যাবে না। পাশাপাশি মশারি ব্যবহার ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকা জরুরি। হাসপাতালটিতে ডেঙ্গু শনাক্তকরণ কিট ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পর্যাপ্ত রয়েছে বলেও তিনি জানান।
শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. কে. সিরাজুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। মানুষের দোরগোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু স্বাস্থ্য বিভাগের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত সামাজিক দায়িত্ব। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে রিপোর্টার্স ক্লাবের সদস্য ও কোস্টাল ইউথ সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সম্মিলিত সচেতনতার মাধ্যমে এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গুমুক্ত সমাজ গড়া সম্ভব।
আপনার মতামত লিখুন :