
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে জাপান। তবে ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে এশিয়ার প্রতিনিধিরা। ইনজুরির কারণে দলের অন্যতম ভরসা ডাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামতে পারছেন না।
নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ২-২ গোলে ড্রয়ের সময় বাম হাঁটুতে চোট পান ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। এরপর তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষেও খেলতে পারেননি তিনি। নাসভিলে দলের ক্যাম্পে পুনর্বাসন চালিয়ে গেলেও শেষ অনুশীলনে মূল দলের সঙ্গে অংশ নেননি কুবো।
জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু সংবাদ সম্মেলনে জানান, কুবো এখনও আলাদাভাবে দৌড় ও ফিটনেস অনুশীলন করছেন। তাই ব্রাজিলের বিপক্ষে তাকে দলে রাখা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত সুস্থ হয়ে টুর্নামেন্টে ফেরার আশা প্রকাশ করেন তিনি।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে কুবোকে ছাড়াই চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে জাপান। কোচ মোরিয়াসু স্মরণ করিয়ে দেন, গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছিল তার দল। সেই জয় থেকেই অনুপ্রেরণা নিচ্ছেন জাপানের ফুটবলাররা।
মোরিয়াসুর ভাষ্য, শক্তি ও অভিজ্ঞতায় ব্রাজিল এগিয়ে থাকলেও আন্ডারডগ হিসেবে খেলতে নামা জাপান আবারও সবাইকে চমকে দেওয়ার বিশ্বাস রাখে। অতীতের সাফল্য তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।
এদিকে ম্যাচ টাইব্রেকারে গড়ালে আগের ভুলের পুনরাবৃত্তি এড়াতে আগাম প্রস্তুতি নিয়েছে জাপান। ২০২২ বিশ্বকাপে টাইব্রেকারে বিদায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার পেনাল্টি শুটআউটে কোন খেলোয়াড় কোন ক্রমে শট নেবেন, তা আগেই নির্ধারণ করে রাখবেন বলে জানিয়েছেন জাপানের প্রধান কোচ।
আপনার মতামত লিখুন :