বিশ্বকাপের শিরোপার দাবিদার কারা, জানালেন রোনালদো


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
বিশ্বকাপের শিরোপার দাবিদার কারা, জানালেন রোনালদো

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর প্রেক্ষাপটে সম্ভাব্য শিরোপা দাবিদারদের তালিকা প্রকাশ করেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার মতে, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে এগিয়ে রয়েছে।

জাপানের বিপক্ষে ব্রাজিলের রাউন্ড অব ৩২ ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, এই চারটি দলই বর্তমান সময়ে সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলছে। তবে তিনি ব্রাজিলকেও শিরোপার লড়াই থেকে পুরোপুরি বাদ দিতে চান না।

রোনালদোর মতে, ব্রাজিলের শিরোপা সম্ভাবনা অনেকটাই নির্ভর করছে নেইমারের ওপর। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বিশ্বকাপে ফিরেছেন এবং স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন।

তিনি বলেন, নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার মতো মুহূর্তে ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য দলে খুব কম খেলোয়াড়েরই আছে। তিনি আরও আশা প্রকাশ করেন, নকআউট পর্বে নেইমার নিজের সেরাটা দিয়ে সমালোচকদের জবাব দেবেন।

২০০২ বিশ্বকাপে ইনজুরি থেকে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানোর নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে রোনালদো বলেন, বড় মঞ্চে ইনজুরি কাটিয়ে ফেরা কতটা চ্যালেঞ্জিং, তা তিনি ভালোভাবেই জানেন। সেই অভিজ্ঞতা থেকেই নেইমারের প্রতি তার বিশেষ সমর্থন রয়েছে।

এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র হলেও, রোনালদোর বিশ্বাস—নেইমারের অভিজ্ঞতা ও ভিনিসিয়ুসের ফর্ম একসঙ্গে কাজ করলে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের (হেক্সা) স্বপ্ন আরও জোরালো হবে।