বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ২:৫০ অপরাহ্ণ
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের মৃত্যু দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি বলেন, জাতি মুস্তাফা মনোয়ারের অবদানকে সবসময় গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার সৃষ্টিশীল কাজ, আদর্শ ও চিন্তাধারা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুস্তাফা মনোয়ার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদানের জন্য মুস্তাফা মনোয়ার দেশের অন্যতম শ্রদ্ধেয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। মুস্তাফা মনোয়ার ১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি ছিলেন প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের শিল্প ও সংস্কৃতিকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।