সাতক্ষীরার তালতলায় অস্বাস্থ্যকর বেকারিতে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা


সাতক্ষীরা ক্রাইম রিপোর্টার, আব্দুর রশিদ প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ২:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরার তালতলায় অস্বাস্থ্যকর বেকারিতে অভিযান, ৫ হাজার টাকা জরিমানা

সাতক্ষীরার তালতলা এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও আগাম উৎপাদন তারিখ ব্যবহার করার অভিযোগে অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৯ জুন) সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বেকারির বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ে।

পরিদর্শনে দেখা যায়, বেকারিতে উৎপাদিত কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্যের গায়ে প্রকৃত উৎপাদন তারিখের পরিবর্তে আগাম তারিখ ব্যবহার করা হচ্ছে। এমনকি ২৯ জুন উৎপাদিত পণ্যে ৩০ জুনের উৎপাদন তারিখ উল্লেখ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়।

এছাড়া উৎপাদন এলাকায় অতিরিক্ত মাছির উপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ এবং ইঁদুরে ক্ষতিগ্রস্ত কেক-বিস্কুট পাওয়ার বিষয়টিও অভিযানে উঠে আসে। এসব অনিয়মের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো. তালেবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক।

অধিদপ্তরের কর্মকর্তারা জানান, প্রথমবারের অপরাধ বিবেচনায় সীমিত জরিমানা করা হলেও প্রতিষ্ঠানটিকে দ্রুত উৎপাদন পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা আরও বলেন, খাদ্যপণ্যে আগাম তারিখ ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।