
তবে দীর্ঘ সময় ধরে বিশ্বকাপের মূল পর্বে মুখোমুখি হয়নি ফুটবলের এই দুই পরাশক্তি। সর্বশেষ ১৯৯০ সালের বিশ্বকাপে একে অপরের বিপক্ষে খেলেছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। এরপর কেটে গেছে প্রায় তিন যুগ। এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। সমীকরণ মিললে চলমান বিশ্বকাপের সেমিফাইনালে দেখা যেতে পারে দুই লাতিন জায়ান্টকে।
গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ জিতে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। শেষ ম্যাচে তারা খেলবে জর্ডানের বিপক্ষে। সবকিছু ঠিক থাকলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরের রাউন্ডে উঠবে লিওনেল মেসির দল। দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ দল, যেখানে এগিয়ে রয়েছে উরুগুয়ে।
অন্যদিকে শুরুটা প্রত্যাশামতো না হলেও হাইতিকে হারিয়ে ‘সি’ গ্রুপে শীর্ষস্থানে ফিরেছে ব্রাজিল। শেষ ম্যাচে হার এড়াতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এমন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে পারে জাপান।
দুই দল যদি নিজেদের অবস্থান ধরে রেখে দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে যেতে পারে, তাহলে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপের মূল পর্বে সর্বশেষ ১৯৯০ সালের ২৪ জুন মুখোমুখি হয়েছিল দুই দল। ইতালির তুরিনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
ম্যাচের ৮১তম মিনিটে ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত পাস থেকে গোল করেছিলেন আর্জেন্টিনার ফরোয়ার্ড ক্লদিও ক্যানিজিয়া। বিশ্বকাপের নকআউট পর্বে এখন পর্যন্ত এটিই দুই দলের একমাত্র মুখোমুখি লড়াই। তাই এবার সেমিফাইনালে দেখা হলে পুরোনো সেই ইতিহাস বদলাতে চাইবে ব্রাজিল। অন্যদিকে লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনার লক্ষ্য থাকবে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।
আপনার মতামত লিখুন :