মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকার বেশি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকার বেশি

দেশে কার্যরত চারটি মোবাইল অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফর রহমানের টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।

মন্ত্রী বলেন, বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটর কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোন লিমিটেডের কাছে। প্রতিষ্ঠানটির কাছে সরকারের পাওনা রয়েছে ৬ হাজার ১০২ কোটি টাকা। এছাড়া রাষ্ট্রায়ত্ত টেলিটক বাংলাদেশ লিমিটেডের কাছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটা লিমিটেডের কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের কাছে ৪৭৩ কোটি টাকা বকেয়া রয়েছে।

সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) গ্রামীণফোনের কাছে মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকা। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটি দুই কিস্তিতে ২ হাজার কোটি টাকা এবং ভ্যাট সংক্রান্ত মামলার রায়ের পর আরও ৩৯২ কোটি ১৯ লাখ টাকা পরিশোধ করেছে। ফলে বর্তমানে বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ১০১ কোটি ৮২ লাখ টাকা। বিষয়টি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।

রাজস্ব বকেয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা টেলিটকের কাছে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি, প্রশাসনিক জরিমানা এবং সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ মোট ৫ হাজার ৯৫৪ কোটি টাকা পাওনা রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫৫৪ কোটি টাকা ইকুইটিতে রূপান্তরের আবেদন অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। মন্ত্রী আরও জানান, রবি আজিয়াটা লিমিটেডের কাছে ৬১৫ কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি সংক্রান্ত ৪৯০ কোটি টাকা এবং পরিশোধিত রেভিনিউ শেয়ারিংয়ের ওপর প্রযোজ্য মূসক বাবদ ১২৫ কোটি টাকা অন্তর্ভুক্ত। এসব বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

অন্যদিকে বাংলালিংকের ক্ষেত্রে ইনফরমেশন সিস্টেম অডিট আপত্তি বাবদ মোট পাওনা ছিল ৮১১ কোটি টাকা। প্রতিষ্ঠানটি ১৬৬ কোটি টাকা এবং ভ্যাট সংক্রান্ত মামলার রায়ের পর ২১৫ কোটি টাকা পরিশোধ করেছে। ফলে বর্তমানে এ খাতে ৪৩০ কোটি টাকা বকেয়া রয়েছে। এছাড়া রেভিনিউ শেয়ারিংয়ের ওপর প্রযোজ্য মূসক বাবদ আরও ৪৩ কোটি টাকা পাওনা রয়েছে। ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল অপারেটরদের কাছে বকেয়া রাজস্ব আদায়ে সরকারের আইনগত ও প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রয়েছে।