পীরগঞ্জে মৎস্য চাষিদের মাঝে চুন, বীজ ও মাছের খাদ্য বিতরণ


রংপুর ভ্রাম্যমাণ প্রতিনিধি, আব্দুল্লাহীল কাফী প্রকাশের সময় : জুন ২৪, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
পীরগঞ্জে মৎস্য চাষিদের মাঝে চুন, বীজ ও মাছের খাদ্য বিতরণ

রংপুরের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (তৃতীয় পর্যায়)-এর আওতায় নির্বাচিত মৎস্য চাষিদের মাঝে চুন, সবজি বীজ এবং মাছের খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৮ জন মৎস্য চাষিকে এসব উপকরণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র সহকারী পরিচালক দীপা রানী বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন এবং আতাউর রহমান বিটু।

বক্তারা বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে।

তারা আরও বলেন, সরকার মৎস্য খাত উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রশিক্ষণ, প্রযুক্তি সহায়তা ও প্রণোদনার মাধ্যমে চাষিদের উৎপাদন সক্ষমতা বাড়ছে, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করলে কম খরচে বেশি উৎপাদন সম্ভব। সঠিক পুকুর ব্যবস্থাপনা ও খাদ্য প্রয়োগ নিশ্চিত করলে চাষিরা আরও লাভবান হবেন।

অনুষ্ঠান শেষে চাষিদের মাঝে চুন, সবজি বীজ ও মাছের খাদ্য বিতরণ করা হয়। এ সময় তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাছ উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।