ট্রাকের ধাক্কায় অটোরিকশারচালকসহ নিহত ২


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
ট্রাকের ধাক্কায় অটোরিকশারচালকসহ নিহত ২

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মুরগিবাহী একটি ছোট ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের আওতাধীন চৈত্রকোল ইউনিয়নের ছিলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী ছোট ট্রাক ছিলিমপুর মোড় এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশাচালক নেপেন (৫০) ঘটনাস্থলেই মারা যান।

নিহত নেপেন মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার বাসিন্দা। তিনি শিলাশের ছেলে। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী ফিলকস (৬০) গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফিলকস পীরগঞ্জ উপজেলার খালাশা এলাকার বাসিন্দা। তিনি নুহাশ কুজুর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে সহযোগিতা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভেন্ডাবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ছিলিমপুর মোড় এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকায় সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন।