১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা ১১ দলের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুন ২৫, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ
১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কর্মসূচি ঘোষণা ১১ দলের

চলমান আন্দোলন আরও জোরদার করতে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এই ৩৬ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির লক্ষ্য হিসেবে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জনসচেতনতা তৈরি, জুলাই সনদ বাস্তবায়নে জনমত গঠন এবং বিগত সরকারের সময়ে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরা হয়েছে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—১ জুলাই থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন। এছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ আয়োজন করা হবে। কর্মসূচির শেষ দিনে ৫ আগস্ট দেশের সব জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়েছে।