জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের ২ বছর পূর্তিতে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহীদ ও আহতদের প্রতি সম্মান প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এসব কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৭ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন। ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের অবদানের স্বীকৃতি প্রদান এবং ঐতিহাসিক ঘটনাবলির স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের বিজয়কে স্মরণ করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই দেশব্যাপী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করবেন।

পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি সমবেদনা জানানো এবং সরকার ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ছাত্রদল জানিয়েছে, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।