শাস্তির মুখে ভারতে শিক্ষার্থীদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানো সেই পুলিশ সদস্য


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
শাস্তির মুখে ভারতে শিক্ষার্থীদের লক্ষ্য করে একে-৪৭ থেকে গুলি চালানো সেই পুলিশ সদস্য

ভারতের বিহারে মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (NEET) প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে চলমান আন্দোলনের মধ্যে বিক্ষোভকারীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিহার পুলিশ এ ব্যবস্থা নেয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যের নাম অভিষেক প্যাটেল। তিনি বিহার পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)-এর একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, শনিবার (২৫ জুলাই) ছাত্রসংগঠন ও বিরোধী দলগুলোর ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচিকে কেন্দ্র করে সিওয়ান জেলায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্য বিক্ষোভকারীদের দিকে একে-৪৭ রাইফেল তাক করে গুলি ছুড়ছেন।

ভিডিওতে আরও দেখা যায়, ওই পুলিশ সদস্য বিক্ষোভকারীদের ধাওয়া করেও কয়েক রাউন্ড গুলি চালান। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ঘটনার পর বিহার পুলিশ অভিযুক্ত কনস্টেবল অভিষেক প্যাটেলকে সাময়িক বরখাস্ত করে এবং পুরো বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিডিওটির সত্যতা, গুলি চালানোর প্রকৃত পরিস্থিতি এবং ওই সময় বলপ্রয়োগের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা যাচাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিহারে কয়েকদিন ধরে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার ‘বিহার বন্ধ’ কর্মসূচি পালন করে বিভিন্ন ছাত্রসংগঠন ও বিরোধী রাজনৈতিক দল। কর্মসূচিকে ঘিরে বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।