ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের

ইরানে টানা দুই সপ্তাহ ধরে বিমান হামলা চালানোর পর গত দুই দিন ধরে সব ধরনের সামরিক হামলা স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের সম্ভাব্য পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যবহৃত ‘ইন্টারসেপ্টর’ ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত কমে যাওয়ার আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। রোববার (২৬ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত হ্রাস পাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। ওই বৈঠকের পরই সপ্তাহের শেষ দিকে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের বিমান হামলা থেকে সরে আসে ওয়াশিংটন।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা আরও জোরদার করা হবে। তবে শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি সেই অবস্থান থেকে সরে আসেন এবং নতুন হামলার পরিকল্পনা আপাতত স্থগিত রাখা হয়।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি পৃথক সূত্র দ্য নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানে আরও বড় ধরনের হামলা চালাতে সক্ষম হলেও এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের সুরক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত সংকটজনক পর্যায়ে নেমে যেতে পারে।

এদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, টানা ও তীব্র সামরিক হামলার মাধ্যমে ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনা সম্ভব হবে কি না, তা নিয়েও হোয়াইট হাউসে অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রশাসনের ভেতরে এ কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।

প্রতিবেদনে আরও বলা হয়, সাম্প্রতিক মার্কিন হামলার ফলে ইরানের জনগণের মধ্যে জাতীয়তাবাদী ঐক্য আরও শক্তিশালী হয়েছে। বিদেশি হুমকির মুখে দেশটির জনগণ সরকারের পাশে আরও দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

এই কৌশলগত পুনর্মূল্যায়নের অংশ হিসেবেই গত শুক্রবার ও শনিবার (২৫ জুলাই) রাতে ইরানের ভূখণ্ডে নতুন করে কোনো বিমান হামলা চালায়নি মার্কিন বাহিনী। ফলে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে আপাতত সাময়িক বিরতি দেখা গেলেও ভবিষ্যতে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে নজর রাখছে আন্তর্জাতিক মহল।