প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির রংপুর বিভাগীয় নেতাদের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দলকে আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার পাশাপাশি রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন। দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে নেতাদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক ভিত্তি মজবুত করা, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও সক্রিয় করা এবং নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়গুলো সভায় গুরুত্ব পায়।সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতারা জানান, দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন বিভাগের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের সমস্যা, সাংগঠনিক দুর্বলতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হচ্ছে।

সভায় উপস্থিত নেতারা দলকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।