স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
স্পেনে দাবানলে জাতীয় জরুরি অবস্থা জারি

তীব্র তাপপ্রবাহের কারণে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন দেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা জারি করেছে স্পেন। একই সঙ্গে আটলান্টিক উপকূলে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তা চেয়েছে ফ্রান্স।

দাবানলের তীব্রতা বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ধোঁয়া ও আগুনের শিখা বসতিপূর্ণ এলাকার কাছাকাছি চলে আসায় ফ্রান্সের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে উপদ্বীপ পুরোপুরি খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকা থেকে প্রায় ৬৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেককে নৌযানের মাধ্যমে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। গ্রীষ্মকালীন পর্যটন মৌসুমে ব্যস্ত থাকা এই এলাকায় আগুন ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ জানিয়েছেন, ক্যাপ ফেরের উত্তরাঞ্চলের সামোসে শুরু হওয়া দাবানলটি চলতি মৌসুমে দেশটির সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন উপদ্বীপ থেকে বের হওয়ার একমাত্র সড়ক বিচ্ছিন্ন করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।

তিনি জানান, দাবানলে ইতোমধ্যে প্রায় ১০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৮০টি ঘরবাড়ি, যার মধ্যে ৫০টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে স্পেনে দাবানলের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মারলাস্কা জানান, রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলের পার্বত্য শহর থেকে ১০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

তিনি বলেন, অগ্নিনির্বাপক বাহিনী চেষ্টা করছে যাতে ওই অঞ্চলের তিনটি পৃথক আগুন এবং পার্শ্ববর্তী আভিলা প্রদেশের দাবানল একত্রিত হতে না পারে। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় রাজধানীর অনেক বাসিন্দার দ্বিতীয় আবাস থাকায় পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জরুরি অবস্থা ঘোষণার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। তীব্র তাপমাত্রা, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাস দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্পেনে দাবানলের কারণে এ ধরনের সর্বোচ্চ পর্যায়ের জরুরি সতর্কতা জারির ঘটনা এটিই প্রথম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তারাও ইউরোপীয় ইউনিয়নের কাছে সহায়তার আবেদন করেছে।