নতুন কমিটি গঠন

পিরোজপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের মজলিশে শুরার অধিবেশন


পিরোজপুর জেলা প্রতিনিধি, আল হেলাল প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ৩:১৬ অপরাহ্ণ
পিরোজপুরে ইসলামি আন্দোলন বাংলাদেশের মজলিশে শুরার অধিবেশন

ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মজলিশে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে পিরোজপুর শহরের হোটেল নায়োরীতে এ অধিবেশনের আয়োজন করা হয়।

জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম।

অধিবেশনে জেলা, উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা অংশ নেন। সভায় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. মনিরুল হাসান। অধিবেশনের একপর্যায়ে পূর্ববর্তী জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত শুরা সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন জেলা কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মো. মনিরুল হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করানো হয়। অধিবেশনের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।