বন্যাদুর্গত মানুষের পাশে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি: এমপি


চট্টগ্রাম প্রতিনিধি, মারুফ প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
বন্যাদুর্গত মানুষের পাশে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি: এমপি

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও মানবিক সংগঠনগুলোর ত্রাণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, এসব উদ্যোগ সরকারি ত্রাণ কার্যক্রমকে আরও শক্তিশালী ও কার্যকর করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সাতকানিয়া উপজেলা কার্যালয়ে মুসলিম এইড বাংলাদেশের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, বর্তমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার মানবিক দায়িত্ব। তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানকে বন্যার্তদের সহায়তায় আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান এবং মুসলিম এইড বাংলাদেশের ডিরেক্টর অব অপারেশন মো. আরিফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান চৌধুরী।

পরে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুসলিম এইড বাংলাদেশের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী সাতকানিয়া উপজেলার নলুয়া ও কাঞ্চনা ইউনিয়নে ব্যক্তিগত ও সরকারি উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে চাল বিতরণ করেন।