
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার মেজর (অব.) মোজাফফর হোসেনকে আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। বিচারিক প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আদালতের কাছে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে মেজর (অব.) মোজাফফর মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি কার্যক্রম পরিচালনার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করার নির্দেশ দেন। এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, শাইখ মাহদী, মঈনুল করিমসহ রাষ্ট্রপক্ষের অন্যান্য আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার (২০ জুলাই) রাজধানীর পিলখানায় শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, মেজর (অব.) মোজাফফরের বিচার সেনা আইনের আওতায় জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে নিশ্চিত করা হবে। তিনি বলেন, অভিযুক্তের সহযোগীদের বিচারও সামরিক আদালতে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৪৫ বছর ভিন্ন পরিচয়ে পার্শ্ববর্তী একটি দেশে আত্মগোপনে থাকার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় এবং সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর ধরে পলাতক থাকা মেজর (অব.) মোজাফফর হোসেনকে গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে তিনি সামরিক হেফাজতে রয়েছেন।
ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী, আগামী বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত অভিযোগে পরবর্তী আইনি কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :