বড়াইগ্রামে অবৈধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান, ৫৪টি জাল ধ্বংস


বড়াইগ্রাম প্রতিনিধি, কায়েস উদ্দিন প্রকাশের সময় : জুলাই ২১, ২০২৬, ৪:৫০ অপরাহ্ণ
বড়াইগ্রামে অবৈধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান, ৫৪টি জাল ধ্বংস

নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কৈ খোলা বিলে অবৈধভাবে মাছ শিকারে ব্যবহৃত নিষিদ্ধ চায়না রিং জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য বিভাগ।

সোমবার সকালে পরিচালিত এ অভিযানে বিল থেকে ৫৪টি নিষিদ্ধ চায়না রিং জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা বলে জানিয়েছে মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল এবং মাছ শিকারের জন্য তৈরি করা অবৈধ বাঁধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নিষিদ্ধ চায়না রিং জাল ব্যবহারের কারণে শুধু বড় মাছ নয়, ছোট মাছের পোনা ও বিভিন্ন জলজ প্রাণীও নির্বিচারে ধ্বংস হয়। এর ফলে প্রাকৃতিক মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। দেশীয় মাছের প্রজনন বৃদ্ধি ও জলজ পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এসব অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন এবং সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুফাসসির হোসেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।