টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে আবারও বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। পানির চাপ বাড়তে থাকায় নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ফলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (২০ জুলাই) সকাল ৮টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যা বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।
পানি বৃদ্ধির কারণে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের পাশাপাশি জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানান, উজানের ঢল ও ভারী বর্ষণের কারণে তিস্তার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সোমবার সকাল ৮টার পরিমাপে নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত পানির চাপ নিয়ন্ত্রণে রাখা যায়।
তিনি আরও বলেন, আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী নদীর পানি আরও বাড়তে পারে। এ কারণে তিস্তা তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজন হলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিস্তার পানি আরও বৃদ্ধি পেলে নিম্নাঞ্চলের ফসলি জমি, গ্রামীণ সড়ক ও বসতবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :