
‘জুলাই শহীদ দিবস-২০২৬’ উপলক্ষে সরকারি কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকালে প্রতিষ্ঠানের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
পরে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম বলেন, “জুলাইয়ের শহীদরা দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাঁদের আদর্শ ধারণ করে দেশপ্রেমিক, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠাই নতুন প্রজন্মের দায়িত্ব।”
সভায় বক্তব্য দেন প্রভাষক মোস্তাহার মিয়া, সুলতান মাহমুদ, সেলিম আহমদ এবং অভিভাবক আজমল হোসেন। বক্তারা বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আপনার মতামত লিখুন :