
দেশজুড়ে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার (১৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট ৭৭১ জনের মৃত্যু হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছিল, আগের ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে সাতজনের মৃত্যু হয় এবং ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।
এ ছাড়া সোমবার (১৩ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছিল। একই সময়ে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয় এবং ৮৯৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া যায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে হাম পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি শিশুদের হাম প্রতিরোধী টিকা গ্রহণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণ এবং আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসার আওতায় আনলে রোগটির বিস্তার ও জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেছেন তারা।
আপনার মতামত লিখুন :