যেসব এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি


অনলাইন ডেস্ক প্রকাশের সময় : জুলাই ১১, ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
যেসব এলাকায় হতে পারে অতি ভারী বৃষ্টি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে অতিবৃষ্টির কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতাও জারি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। বজ্রসহ বৃষ্টির কারণে এসব অঞ্চলে স্বল্প সময়ের মধ্যে জলাবদ্ধতা, স্থানীয়ভাবে দুর্ভোগ এবং নিম্নাঞ্চলে পানি জমার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পৃথক এক বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ভারতের মধ্য উত্তরপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে ১১ থেকে ১২ জুলাই পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

সংস্থাটি জানিয়েছে, টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢাল নরম হয়ে ভূমিধসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এ কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ির ভূমিধসপ্রবণ এলাকাগুলোকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর সংশ্লিষ্ট জেলা প্রশাসন, স্থানীয় কর্তৃপক্ষ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পাহাড়ি এলাকায় বসবাসকারী জনগণকে অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকালে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়। তাই স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস নিয়মিত অনুসরণ করা নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।