
চলমান বৃষ্টিপাতের প্রেক্ষাপটে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পদ্মা নদীর বাঁধের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈষিতা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, মো. মকিবুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, মো. শিহাবুল ইসলাম, মো. সাজেদুল হক এবং তরুণ কৃষি উদ্যোক্তা ও সাংবাদিক সোহরাব হোসেনসহ সংশ্লিষ্টরা।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঁধের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয়দের কাছ থেকে বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক অবস্থানে থেকে নিয়মিত বাঁধের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
পরিদর্শন শেষে ইউএনও আরাফাত আমান আজিজ স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, চলমান বৃষ্টিপাতের কারণে কৃষিজমির পরিস্থিতিও পর্যবেক্ষণে রাখা হয়েছে। কৃষকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও সহযোগিতা দেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টিপাতজনিত সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। পদ্মা নদীর বাঁধসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :